Showing posts with label শাকিব খান. Show all posts
Showing posts with label শাকিব খান. Show all posts

‘একটা হিরোকেতো অনেকগুলো নায়িকার সঙ্গে কাজ করা সম্ভব না’

Unknown | November 09, 2017 | | | |
‘দেশে কিন্তু হিরোর ক্রাইসিস। দেখেন, একজন দুইজন বা তিনজনের বেশী কিন্তু এই মুহূর্তে আমাদের হিরো নাই। তো আমি যখন কাজ করতে যাই, তখন কিন্তু হিরো সিলেক্ট করতে একটা প্রবলেম হয়ে যায়। কার সাথে কাজ করবো এটা সিদ্ধান্ত নেয়াই একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত হিরো দরকার। দুইজন, তিনজন হিরোর উপর ভর করে সবকিছু হয়ে উঠে না। এইদিক থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কিন্তু অনেক লম্বা লিস্ট। অনেকেই কাজ করছেন। সেইদিকে হিরো কিন্তু একদমই নাই। এখন যখন কাজ করতে যাই, তখন হিরো পাওয়া একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। একটা হিরোকেতো অনেকগুলো নায়িকাদের সঙ্গে কাজ করা পসিবল না।’

ঢাকাই চলচ্চিত্র এবং প্রতিষ্ঠিত হিরোদের সংকটের কথা এভাবেই স্পষ্ট ভাষায় বলছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এসেছিলেন চ্যানেল আই ভবনে। অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অতিথি শিল্পী হিসেবে কথা বলেন। যেখানে তিনি খোলাখুলি কথা বলেন, তার ক্যারিয়ার, বর্তমান ব্যস্ততা এবং ভবষ্যিতে কাজের পরিকল্পনা নিয়েও

‘তারকা কথন’-এ কথা বলার এক পর্যায়ে উঠে আছে তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’ প্রসঙ্গ। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহে খুব একটা সাড়া ফেলতে পারেনি। অনেকেই বলছেন সিনেমাটি মানের দিক থেকেও খুব একটা সুবিধার নয়। তবু কেন এমন সিনেমায় মিম? যাকে ক’দিন আগেও কলকাতার মেধাবী নির্মাতা সৃজিৎ মুখার্জীর ‘ইয়েতি অভিযান’ নামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে?

এমন প্রশ্ন এড়িয়ে যাননি মিম। বরং প্রশ্নের জবাবে তিনি বলেন,সব সময় ভালো কাজ করবো বলেই চিন্তা করি, কিন্তু অনেক সময় চিন্তার সঙ্গে সবকিছু মিলে না। সব সময় ভালো কিছু কাজ করার ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। হয়ে উঠে না। যেমন গত কিছুদিন আগে আমার একটি সিনেমা মুক্তি পায় ‘দুলাভাই জিন্দাবাদ’। আমাকে যারা পছন্দ করেন, বা আমার যারা ফ্যান আমি জানতাম যে তারা এই ছবিটি দেখতে যাবে না। কারণ, আমার দর্শক, ফ্যানরা আমার কাছ থেকে ডিফারেন্ট কিছু ছবি চায়। কিন্তু এই ছবিটা ছিলো একেবারেই গতানুগতিক একটি ছবি। এটা করার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এমন সিনেমা কেন করলাম? এটা আমার সঙ্গে যায় না, এমন অনেক মন্তব্য পেয়েছি।

তাহলে জেনেশুনে কেন ‘দুলভাই জিন্দাবাদ’-এর মতো সিনেমায় অভিনয় করলেন, এমন প্রশ্নে মিম বিষয়টি খোলাসা করে বলেন, আসলে আমার যারা দর্শক আছেন তারাতো আছেনই। যারা আমি ভালো কিছু করি সেটা চাইবেন, এবং সেটা হলে গিয়ে দেখবেন। কিন্তু আমি এও চাই যে একেবারে বদ্ধ গ্রামের খেটে খাওয়া মানুষ, হয়তো এখনো তারা মিমকে চেনে না। আমি চেয়েছিলাম এই ধরনের ছবি দিয়ে যদি তাদের কাছে যেতে পারি। কোনোভাবে তারা যদি আমাকে পছন্দ করেন তাহলে পরবর্তীতে হয়তো আমার ভালো কাজগুলোও তারা দেখবেন, অন্তত আগ্রহী হবেন। তো এই প্ল্যান থেকেই কিন্তু এমন সিনেমায় অভিনয় করেছি। হয়তো এমন সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত আমার ভুল ছিল, কিন্তু আমি এটাকে এক্সপেরিমেন্ট হিসেবেই নিলাম। তবে সামনে থেকে সবকিছু ভেবেই প্ল্যান করবো।

শাকিব খানের ‘প্রিয়তমা’

Unknown | November 08, 2017 | | | |

২০১৪ সালে শাকিব খান তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে হিরো দ্য সুপারস্টার নির্মাণ করেন। প্রায় তিন বছর পর নিজ ঘর থেকে দ্বিতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই নায়ক। নাম প্রিয়তমা। গত সোমবার দুপুরে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। এসব তথ্য দিলেন অভিনেতা ও প্রযোজক শাকিব খান নিজেই।

রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এই ছবির কাহিনি। গল্পের কারণেই ছবিটি নির্মাণে আগ্রহী হয়েছেন বলে জানান ছবির প্রযোজক শাকিব খান।

ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘২০-২৫ দিন আগে শুধু ছবিতে অভিনয়ের ব্যাপারে গল্পটি নিয়ে পরিচালক হিমেল আশরাফ আমার কাছে আসেন। চিত্রনাট্যটি শোনার পর আমি কিছুটা অবাক হয়ে যাই! খুব ভালো লেগে গেল গল্প। হিমেলকে বললাম, আমার নিজ ঘর থেকেই ছবিটি নির্মাণ করতে চাই। তিনি রাজি হয়ে গেলেন। তাঁকে কাজটি নিয়ে এগোতে বলি।’

শাকিব খান আরও বলেন, ‘আমার এসকে ফিল্মস থেকে প্রথম ছবি নির্মাণ করার পর মাঝে অনেক সময় গেছে। এমন একটি গল্পের জন্যই এত দিন অপেক্ষা করছিলাম।’

এ ব্যাপারে ছবির পরিচালক হিমেল বলেন, ‘শাকিব ভাই তাঁর শত ব্যস্ততার মাঝেও প্রায় তিন ঘণ্টা সময় নিয়ে চিত্রনাট্যটি শুনেছেন। গল্পটি এতটাই ভালো লেগেছে যে তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গল্পটি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছেন। আমার জন্য এটি বড় পাওয়া।’

ছবিটির চিত্রনাট্য নিয়েও আলাদা গল্প আছে। বছর দুয়েক আগে কক্সবাজারে সমুদ্রে নেমে নিখোঁজ হওয়া চিত্রনাট্যকার ফারুক হোসেনের সর্বশেষ লেখা অসমাপ্ত চিত্রনাট্য এটি। পরে এটির পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ।

হিমেল বলেন, ‘ফারুকের দুটি অসমাপ্ত চিত্রনাট্য এক জায়গায় করে নিজের মতো করে তৈরি করেছি চিত্রনাট্যটি।’

বছর দেড়েক আগে এসকে ফিল্মস থেকে প্রিয়া রে নামে একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন শাকিব খান। সেই সময় তাঁর বিপরীতে নতুন একজন নায়িকা নিয়ে চমক দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে আর কাজটি হয়নি।

এবার শাকিবের বিপরীতে কে থাকছেন? মুখ খুললেন না শাকিব। এবারও চমক রাখলেন নবাব–খ্যাত এই অভিনেতা। বললেন, ‘অনেক দিন পর ছবি প্রযোজনা করব আর চমক থাকবে না, তা কি হয়! অপেক্ষা করুন, শুটিংয়ের আগেই তা জানতে পারবেন।’

ছবির পরিচালক জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে হবে শুটিং।

মামলার খবর শুনে হেসেছেন শাকিব খান

Unknown | November 04, 2017 | | |


একজন শিল্পী হিসেবে আমি শুধু আমার সংলাপ বলেছি। সেটা কার মোবাইল ফোনের নম্বর, নম্বরটা সঠিক কি না, এটা আমার দেখার বিষয় নয়। তা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা আসলে ছবির প্রযোজক, পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার। এটা তাঁদের ওপর বর্তায়। আমার জায়গায় যদি অন্য কোনো হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত, তার তো কিছু করার ছিল না।’ বললেন চিত্রনায়ক শাকিব খান। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমনি ঈশা খাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি।

‘রাজনীতি’ সিনেমার সংলাপে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের অটোরিকশার চালক ইজাজুল মিয়ার মুঠোফোন নম্বর ব্যবহার করায় চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ইজাজুল মিয়ার করা এই মামলায় ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদকেও অভিযুক্ত করা হয়।

শাকিব খান বলেন, ‘খবরটি শুনে আমি খুব হেসেছি। আমি তো তখন “চালবাজ” ছবির শুটিংয়ে কলকাতা ছিলাম। বিস্তারিত কিছু জানতাম না। দেশে এসে সব শুনলাম। এখনো আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। এটা আদৌ কোনো মামলার গ্রাউন্ডে পড়ে কি না, তা-ও আমার জানা নেই।’

ইজাজুল মিয়া মামলার অভিযোগে উল্লেখ করেন, ‘রাজনীতি’ সিনেমার একটি অংশে (সিনেমার ২৬ মিনিট ১২ সেকেন্ডর সময়) সংলাপ দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘এভাবে বারবার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার।’ জবাবে নায়ক শাকিব খান বলেন, ‘আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী।’ অপু বিশ্বাস আবার বলেন, ‘আমার ফেসবুক আইডি যে “রাজকুমারী” তুমি তা জানলে কী করে?’ জবাবে শাকিব খান বলেন, ‘যেভাবে তুমি জানো, আমার মোবাইল নম্বর...।’ সিনেমায় ব্যবহৃত ফোন নম্বরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বর। গত ৭ জুলাই থেকে ২৫ জুলাই ইজাজুলের ফোনে ৪৩২ বার কল এসেছে। যারা সবাই শাকিবকে খুঁজেছে।

এদিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শম্পা জাহান মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৮ ডিসেম্বর।

শাকিব খানের বিরুদ্ধে অটোরিকশা চালকের মামলা

TheRocky | October 29, 2017 | |

‘রাজনীতি’ চলচ্চিত্রে নায়ক শাকিব খান একটি ফোন নম্বর বলেন নায়িকা অপু বিশ্বাসকে। সেই গ্রামীণফোন নম্বরটি যে ব্যক্তির তিনিই মামলা করেছেন শাকিবসহ সিনেমাটির পরিচালক বুলবুল বিশ্বাস এবং প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে। কেননা, তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে সেই ফোন নম্বরটি।এই ফোন নম্বরটির মালিক ইজাজুল মিয়ার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে। পেশায় সিএনজি-চালিত অটোরিকশাচালক এই ব্যক্তি হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এর আদালতে শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানি মামলা করেন আজ (২৯ অক্টোবর) বিকেলে।

বিচারক সম্পা জাহান মামলাটি গ্রহণ করে আগামী ১৮ ডিসেম্বর এর শুনানির তারিখ ধার্য করেন এবং ডিবিকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।

মামলার অভিযোগে ইজাজুল বলেন, ‘রাজনীতি’ সিনেমার একটি অংশে (সিনেমার ২৬ মিনিট ১২ সেকেন্ডর সময়) সংলাপ দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘এভাবে বারবার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার।’ জবাবে নায়ক শাকিব বলেন, ‘আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী।’ অপু আবার বলেন, ‘আমার ফেসবুক আইডি যে “রাজকুমারী” তুমি তা জানলে কী করে?’ জবাবে শাকিব খান বলেন, ‘যেভাবে তুমি জানো, আমার মোবাইল নম্বর ০১৭১৫...।’

সিনেমায় ব্যবহৃত ফোন নম্বরের সঙ্গে মিলে যায় ইজাজুলের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর।

তিনি আরও অভিযোগ করেন, এর ফলে গত ১০ জুলাই রাত ১০টা থেকে ১৫ জুলাই রাত সাড়ে নয়টা পর্যন্ত মোট ৪৩২ জন মানুষ তাকে ফোন দিয়েছেন। তাদের অধিকাংশই নারী। এরই মধ্যে খুলনা থেকে একজন গৃহকর্মী তাকে শাকিব খান ভেবে তার বাসায় আসেন বলে উল্লেখ করে ইজাজুল বলেন, ‘এর ফলে, আমার স্ত্রী আমাকে এড়িয়ে চলছেন।’

তিনি এই সংবাদদাতাকে বলেন, ‘আমার অনুমতি ছাড়া সিনেমায় আমার ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় এই নম্বরটি ছড়িয়ে পড়েছে।’

মামলার আইনজীবী জানান, ফোন নম্বরটি এভাবে ছড়িয়ে পড়ায় আমার মক্কেলকে দিনের বেশিরভাগ সময় ফোন রিসিভ করতে হচ্ছে। এর ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘রাজনীতি’ ছবিটির প্রদর্শন বন্ধ রাখারও অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search