Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

মাধ্যমিক স্কুলে কমিটি করবে ছাত্রলীগ

Unknown | November 22, 2017 | |

মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ নির্দেশ দেয়।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ আজ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘স্কুলে কমিটি মোটেও নতুন কিছু নয়। আমাদের গঠনতন্ত্রে স্কুল কমিটি করার বিষয়টি আছে। আমাদের স্কুলছাত্রবিষয়ক সম্পাদকও আছে।’

খোঁজ নিয়ে দেখা গেছে, শুধু ছাত্রলীগ নয়—ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্কুল পর্যায়ের কমিটি আছে। আর এ রীতি চালু আছে দীর্ঘদিন ধরে। এসব সংগঠনের গঠনতন্ত্রেই স্কুল কমিটি করার বিষয়টি উল্লেখ আছে।

তবে স্কুল পর্যায়ে ছাত্রসংগঠনের কমিটির বিরোধিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্কুলের শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করা, খেলাধুলা, বিতর্ক বা অন্যান্য সাংস্কৃতিক চর্চা করা। এখানে তাদের রাজনীতি শেখানোর কোনো দরকার নেই।’ শুধু স্কুল নয়, কলেজ পর্যায়েও ছাত্রসংগঠনের বিরোধিতা করেন এই শিক্ষাবিদ।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষর করা বিবৃতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং বাংলাদেশে ছাত্রলীগকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে’ এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটি গঠনসংক্রান্ত বিষয়ে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় সংগঠনটির স্কুলছাত্রবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীনকে।
সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ছাত্রসংগঠন স্কুলে করাটা বরং ভালো। কেননা এর ফলে শিক্ষার্থীদের রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি পায়।’ তিনি বলেন, ছাত্রলীগের জন্মের পর থেকেই স্কুলে তাদের কমিটি আছে।

এখন কত স্কুলে কমিটি আছে, সেই সংখ্যা বলতে না পারলেও তিনি জানান, বিশেষ করে ফেনী, নোয়াখালী অঞ্চলের অনেক স্কুলে তাদের কমিটি আছে। আর নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার কারণ তাঁর মতে, এসব সংগঠনের সংখ্যা বাড়ানো।
সোহাগের মতোই স্কুলে সংগঠনের কমিটি করার মধ্যে কোনো ‘অনৈতিকতার’ কিছু দেখেন না জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব হাসান। তিনি প্রথম আলোকে বলেন, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায়, বরিশাল ও নোয়াখালীর বিভিন্ন জায়গায় তাঁদের কমিটি রয়েছে। ছাত্রদলের স্কুলবিষয়ক একটি সম্পাদকের পদ আছে বলে জানান রাজীব।

বাম ধারার ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, অষ্টম শ্রেণির পর থেকে সংগঠন করার নিয়ম আছে তাদের সংগঠনে। এই রীতিও পুরোনো। আর স্কুলে সংগঠন করার বিষয়টি তাদের গঠনতন্ত্রেই রয়েছে।
অধ্যাপক মনজুরুল ইসলাম বলেন, ‘আমাদের বড় দুই দল আদর্শহীন রাজনীতি করে। এই আদর্শহীনতা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যাওয়া মোটেও উচিত নয়।’ স্কুল পর্যায়ে কমিটি বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জাতীয় রাজনীতিতে একে অন্যকে গালিগালাজ করা, দোষারোপ করা একটি সহজাত অভ্যাস। একজন শিক্ষার্থী কি এসব শিখবে ছোটবেলাতেই?’ তিনি বলেন, স্কুলে কমিটি করার অর্থ হলো এসব মূলধারার বা সরকারি দল সমর্থক সংগঠনের শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁস করা শিখবে।

বাম সংগঠনের প্রতিও সৈয়দ মনজুরুলের আহ্বান কমিটি করা থেকে বিরত থাকার। তিনি বলেন, যে কাঠামোর মধ্যে এসব সংগঠন চলছে, সেখানে সংগঠন করার কোনো দরকার নেই। তারা কী শিক্ষার্থীদের বিতর্ক করতে শেখাবে, আবৃত্তি করতে শেখাবে? স্কুলে এগুলোই দরকার। তাদের রাজনীতির দরকার নেই। উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি শেখার যথেষ্ট সময় আছে।

গাড়ীবহরে হামলাকারীদের পরিচয় শনাক্ত

Unknown | October 29, 2017 | |
গাড়ীবহরে হামলাকারীদের পরিচয় শনাক্ত

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ী বহর ও সাংবাদিকদের উপর হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক কর্মী ও ফেইসবুকের মাধ্যেমে তাদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা ছাত্রলীগ কর্মী বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। তবে পুলিশ এখনো সনাক্ত করতে পারেনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক থেকেও নিশ্চিত হওয়া গেছে, হামলাকারিদের একজন শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি রিয়েল।

একই ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।

অবশ্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।

শনিবার মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া। ফেনী জেলার ফতেহপুর এলাকায় হঠাৎ করেই খালেদা জিয়ার গাড়ী বহরের পেছনের দিকে হঠাৎ হামলা চালায় ৩০/৪০ জন যুবক।

এসময় বেসরকারি টেলিভিশন ডিবিসি, একাত্তর, চ্যানেল আই, বৈশাখী, প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যমের গাড়ী ভাঙচুর করা হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।

‘ডাকাতের মতো হামলা চালিয়েছে আ.লীগ’

Unknown | October 28, 2017 |

আওয়ামী লীগ ‘ডাকাতের’ মতো গণমাধ্যমকর্মীসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের মহৎ কীর্তি হলো গণতন্ত্রকে বধ করতে বিরোধী দলকে নিষ্ঠুর-নির্দয় নির্যাতন করা। কক্সবাজারে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ফেনী শহরে ঢোকার আগে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ বিএনপি নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ অনেক গণমাধ্যমকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। এ হামলার গণতন্ত্রের সংকটকে আরও ঘনীভূত করল। শান্তি, সহাবস্থান, স্থিতি এবং পরমতসহিষ্ণুতার পরিবর্তে জুলুম সন্ত্রাসের নানা ‘ডাইমেনশনকে’ স্বীকৃতি দিল আজকের এই হামলা।

বিএনপির গাড়িবহরে হামলার চিত্র তুলে ধরে এই নেতা দাবি করেন, নারায়ণগঞ্জের কাঁচপুরে গাড়িবহরে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কুমিল্লার চান্দিনা এলাকার কুটুম্বপুর, নুর মানিকচর এবং বাগইর এলাকায় গাড়িবহরে হামলা করা হয়। ফেনীর বেকের বাজার, নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় আওয়ামী ‘সন্ত্রাসীরা’ সড়কে গাছ ফেলে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে বাধার সৃষ্টি করেছে। ফেনীর পাঁচগাছিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিপেটায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া পুলিশ বিএনপির তিন নেতাকে আটক করেছে।

গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলার বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ফেনী শহরের ধর্মপাল এলাকায় ছাত্রলীগের ‘ক্যাডাররা’ চ্যানেল আই, ডিবিসি নিউজ ও ৭১ টেলিভিশনের গাড়ি ভাঙচুর করেছে। এ সময় চিকিৎসকদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম জাহিদ, ফটোসাংবাদিক আশরাফুল আলম, দ্য ডেইলি স্টার–এর মাসুম আল মোল্লাহ, যুগান্তর–এর হাবিবুর রহমান, বিডিনিউজের সুমন মাহমুদ, কালের কণ্ঠ–এর শফিক শাফি, এনটিভির হাসান মাহমুদ, একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের মোরশেদ, সাংবাদিক হাসান শিপলুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির কত নেতা-কর্মী আহত হয়েছেন, এ বিষয়ে তাৎক্ষণিক হিসাব দিতে পারেননি রিজভী। তিনি বলেন, পূর্ণাঙ্গ তালিকা পেলে বিষয়টি বলা সম্ভব হবে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িত ‘সন্ত্রাসীদের’ চিহ্নিত করে বিচার দাবি করেন তিনি।

খালেদা আদালতে মিথ্যাচার করেছেন: ওবায়দুল

Unknown | October 27, 2017 |


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আদালতে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘বেগম জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থনে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, তথাকথিত সহানুভূতি অর্জনের জন্য। এটা রাজনৈতিক কোনো ভাষা নয়, এটা রাস্তার ভাষা। তিনি সাবেক একজন প্রধানমন্ত্রী। তাঁর কাছে আমরা রাস্তার ভাষা আশা করি না।’

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাড়িতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া গতকাল আদালতে আত্মপক্ষ সমর্থনে সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।
আদালতে কে কী বললেন, সেটা নিয়ে বাইরে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়া এমন সব বক্তব্য দিয়েছেন, সেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে দেশের রাজনৈতিক অঙ্গনে। কারণ, তাঁর বক্তব্যের বেশির ভাগ অংশই হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাঁর ওপর শারীরিক, মানসিক নিপীড়ন, মামলা—এসব নিয়ে। তিনি একতরফা মিথ্যাচার করেছেন।
ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, তিনি কী করে বললেন শেখ হাসিনাকে কখনো আদালতে যেতে হয়নি। খালেদা জিয়ার আমলেও শেখ হাসিনাকে অনেকবার আদালতে যেতে হয়েছে। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনাকেই প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বাসায় যেভাবে তল্লাশি চালানো হয়েছে, ড. ওয়াজেদ তখন অসুস্থ, তাঁর রুমে সিলিং ফ্যান পর্যন্ত তল্লাশি করা হয়েছে। সেটা এ দেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি। রুমে রুমে তল্লাশি করা হয়েছে। এরপর তাঁকে যেভাবে অসম্মান, অপমানজনকভাবে আদালতে হাজির করা হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ দেখেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘পত্র-পত্রিকায় টেলিভিশনে দেখলাম আদালতে বেগম জিয়া কান্নাকাটি করছেন। তিনি কাঁদছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তিনি যে কাঁদলেন, বাংলাদেশের কত মানুষের জীবনে কান্নার নদী বইয়ে দিয়েছিলেন তিনি। হাজার হাজার নর-নারী, শিশু হত্যা তাঁর আমলে সংঘটিত হয়েছিল। তিনি বাংলাদেশের শত শত সাধারণ মানুষ, শিক্ষক, ড্রাইভার থেকে শুরু করে স্কুলশিক্ষক, কনস্টেবলকে তিনি পুড়িয়ে মেরেছেন। আজকে তিনি আদালতে গিয়ে কান্নাকাটি করে জনগণের সহানুভূতি অর্জনের জন্য মায়াকান্না কাঁদছেন।
ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম প্রমুখ।

মিয়ানমারে ফেরাতে কাজ শুরু হয়েছে: কামালকে সু চি

Unknown | October 25, 2017 | |


রাখাইন থেকে যারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সকালে নেপিদোতে দেশটির স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা সু চির সঙ্গে দেখা করতে গেলে তাদের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দশ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে মিয়ারমারের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে ‘আন্তরিক পরিবেশে’ প্রায় এক ঘণ্টা তাদের মধ্যে কথা হয়।

“অং সান সু চি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।”

অপু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বৈঠকে সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

“সু চি দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।”

ঠিক দুই মাস আগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর ২৫ অগাস্ট থেকে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত ওই অঞ্চলে নতুন করে সেনা অভিযান শুরু হয়; সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গাদের ঢল।

আট সপ্তাহ পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের আসা এখনও বন্ধ হয়নি। ইতোমধ্যে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সময়ে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে গত কয়েক দশক ধরে।

রাখাইনে এবারের অভিযানে সেনাবাহিনী কীভাবে নির্বিচারে মানুষ মারছে, ধর্ষণ, লুটপাট করছে, সেই বিবরণ আসছে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথায়। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, অভিযান শুরুর পর এক মাসেই রাখাইনে ২৮৮টি রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে; সেই বর্বরতা এখনও অব্যাহত রয়েছে।

মিয়ানমারের নেত্রী সু চি সেনাবাহিনীর এই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ হিসেবে বর্ণনা করলেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।

তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কাল বিক্ষোভ

Unknown | October 23, 2017 | |

রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
অন্য দুজন হলেন একুশে টিভির (ইটিভি) তৎকালীন (২০১৫) সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথীর ফারুকী। জামিনে আছেন ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও সাংবাদিক কনক সারওয়ার।

এদিকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাল মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। সংগঠনটি বলেছে, তারা কাল দেশের সব জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
২০১৫ সালের ৮ জানুয়ারিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচারিত হয়। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ৮ জানুয়ারি রাষ্ট্রদ্রোহের ওই মামলা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৩ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

ধৈর্য্য কূটনৈতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান: প্রধানমন্ত্রী

Unknown | October 23, 2017 | |

মিয়ানমারের সঙ্গে বাড়াবাড়ি নয়, ধৈর্য্য ধরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মিয়ানমার থেকে চাল আমদানির প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, বৈঠকে চাল গম আমদানির বিষয় নিয়ে আলোচনা ওঠে। এ সময় মিয়ানমার থেকে চাল আমদানির প্রসঙ্গটি আসে। তখন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন মিয়ানমার তো বর্বর ঘটনা ঘটিয়েছে। আমরা সেখান থেকে চাল আনছি। অর্থমন্ত্রী এ কথা বলার পর প্রধানমন্ত্রী এ বিষয়টি নিয়ে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটা ঠিক, তবে বাড়াবাড়ি, ঝগড়া করে তো সমস্যার সমাধান করা যাবে না। ধৈর্য্য ধারণ করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। যদি আমরা মিয়ানমারের সঙ্গে বাড়াবাড়ি করতাম তাহলে বিশ্বজনমত আমাদের পক্ষে থাকতো না। বিশ্ব জনমত আমাদের পক্ষে আছে। আমরা কারো উস্কানিতে পা দেবো না। আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো। কূটনৈতিক তৎপরতাও চলবে, মিয়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্যও চলবে। ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা যাবে না। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক চলছে। কিন্তু তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যও চলছে। আমরা কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করবো এটাই আমাদের লক্ষ্য। আমি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছিলাম তখন মিয়ানমার উস্কানি দিয়েছে। আমরা তাতে কান দেইনি। আমরা বাড়াবাড়ি করলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতো।

সূত্র আরও জানায়, বৈঠকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, দেশে খাদ্যের কোনো সমস্যা হবে না। প্রচুর চাল, গম আমদানি হচ্ছে। ইতোমধ্যে বেসরকারিভাবে ১৯ লাখ মেট্রিক টনের বেশি চাল গম আমদানি হয়েছে। সরকারিভাবে ৭/৮ লাখ মেট্রিক টন চাল-গম আমদানি হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টন চাল-গম আমদানি হবে। খাদ্যের সমস্যা নেই।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search